ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর

সিলেটের সময় ডেস্ক :

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেইক আইডি খুলে মানহানির অভিযোগে ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও হ্নীলা স্টেশনে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতার নাম নাসির উদ্দিন। তিনি হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।

স্থানীয়রা জানায়, প্রায় দেড় মাস আগে এলাকার জমি সংক্রান্ত বিষয় নিয়ে নাসির একটি পক্ষের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করেন। সেখানে ওই ইউনিয়নের আরেক ছাত্রলীগ নেতা সাইফুল করিমের ভাই মাইনুল করিম বিপরীত মন্তব্য করে। এতে দুজনের তর্কাতর্কিতে অন্য একটি ফেইক আইডি থেকে মাইনুল করিমের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করা হয়। পরে তারা ফেইক আইডিটি নাসিরের আইডি বলে প্রমাণ পায়।

এ ঘটনায় গতকাল নাসির উদ্দিন বোনের বিয়ের দাওয়াতপত্র বিলি করতে গেলে হ্নীলার পানখালী এলাকায় মাইনুল করিম ও তার এক সহযোগী নাসিরকে টেনে হিঁচড়ে নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নাসির উদ্দিনের বক্তব্য জানতে মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। অভিযুক্ত মাইনুল করিমও কথা বলতে রাজি হননি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘নাসির ছাত্রলীগের ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে ফেসবুকে দলীয় পোস্ট দেয়। সে ইস্যুতে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন কাদেরের ছোট ভাই ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল করিমের ছোট ভাই মামুনুল করিম নাসিরকে টেনে হিঁচড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেছে বলে আমাকে জানিয়েছে নাসির উদ্দিন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী নাসির টেকনাফ থানায় অভিযোগ করেছে বলে জানতে পেরেছি। পুলিশ এসে তদন্ত করেছে।’

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, ‘আমি বাইরে ছিলাম। এ ঘটনার বিষয়ে জানি না। খোঁজ নেওয়া হচ্ছে।’

এ বিভাগের অন্যান্য