ইসরায়েলি লবিংয়ের কাছে মাথানত করবে না তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক ঃ
ইসরায়েলি লবিংয়ে কাছে তুরস্ক মাথানত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, যারা ইসরায়েলকে সমর্থন করে এবং লবি করে তাদের আমরা চিনি। আমরা কোনো লবির কাছে মাথানত করবো না।’ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এরদোয়ান বলেন, ‘আমরা এখনো এই ইসরায়েলি লবিংয়ে কাছে মাথানত করিনি, ভবিষ্যতেও করবো না। তুরস্কসহ অল্পকিছু দেশ ফিলিস্তিনের পক্ষ আওয়াজ তুলেছে। ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রের বিরুদ্ধে খুব বেশি কেউ আওয়াজ তুলছে না।
ফিলিস্তিনিদের দুর্দশা পুরো বিশ্ব দেখছে মন্তব্য করে এরদোয়ান বলেন, হাসপাতাল, স্বাস্থ্যকর্মী, উপাসনালয় কিছুই বাদ যাচ্ছে না। এগুলো লক্ষ্য করেই হামলা করছে ইসরায়েলি বাহিনী। তিনি বলেন, ‘এই গণহত্যার মুখে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের আমরা সন্ত্রাসী মনে করি না।’
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েণি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭২ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। শুরু থেকেই এই ঘটনায় ইসরায়েলের কড়া সমালোচনা করে আসছেন এরদোয়ান।
