টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা
কক্সবাজারের টেকনাফ সীমান্তে কয়েকদিন বন্ধ থাকার পর নাফনদের ওপারে মিয়ানমারে আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। গোলাগুলি শব্দে সীমান্তের কাছাকাছি এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় টেকনাফের নাফ নদীর পূর্ব পাশে অবস্থিত মিয়ানমারের মংডু শহরের পেরাংপুরু ও নলবন্ন্যা গ্রামে কয়েকটি ভারী গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। এতে সীমান্তের ওপারে গুলি ও মর্টার শেলের বিকট শব্দে প্রকম্পিত হচ্ছে।
হোয়াইক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন সিকদার কালের কণ্ঠকে জানান, বেশ কয়েকদিন সীমান্তের লোকজন শান্তিতে ছিলেন।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী জানান, কয়েকদিন ধরে টেকনাফ হোয়াইক্ষ্যং সীমান্তে গুলাগুলির শব্দ শোনা যায়নি।
উনছিপ্রাং মাস্টারের প্যারা এলাকার চিংড়ি ঘের মালিক আবু বক্কর জানিয়েছেন, সকাল ১০টার পর থেকে আবারও গুলাগুলি শব্দ ভেসে আসছে। এটি মিয়ানমারের কুমিরখালী এলাকায় হচ্ছে। সেখানে ধোঁয়াও দেখতে পেয়েছি।
