গোপনে লাশ দাফনের চাপ দিচ্ছে রুশ কর্তৃপক্ষ: নাভালনির মা

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির মা জানিয়েছেন, তাঁকে তার ছেলের লাশ দেখানো হয়েছে। কিন্তু রুশ কর্তৃপক্ষ নাভালনির মৃতদেহ গোপন দাফনের অনুমতির জন্য তাঁকে চাপ দিচ্ছে। একটি ভিডিওতে নাভালনির মা লিউডমিলা নাভালনায়া বলেছেন, তাঁকে একটি মর্গে নিয়ে যাওয়া হয়েছিল মৃত্যুর সনদপত্রে স্বাক্ষর করার জন্য।

সাবেক বিরোধী নেতার প্রেস সেক্রেটারি বলেছেন, মা নাভালনায়ার কাছে পেশ করা একটি মেডিকেল প্রতিবেদনে বলা হয়েছে, নাভালনির স্বাভাবিক মৃত্যু হয়েছে।

তবে নাভালনির স্ত্রী বলেছেন, তাঁকে রুশ কর্তৃপক্ষ হত্যা করেছে। লিউডমিলা নাভালনায়া বলেন, আইন অনুযায়ী কর্মকর্তাদের তাঁর ছেলের লাশ হস্তান্তর করতে হবে। কিন্তু এমন দাবি করায় নাভালনির মাকে রুশ কর্তৃপক্ষ ‘ব্ল্যাকমেইল’ করছে। নাভালনায়া অভিযোগ করে বলেন, ‘কর্তৃপক্ষ তাঁর পুত্রের দাফনের স্থান, সময় এবং পদ্ধতিসহ যাবতীয় ক্ষেত্রে দাফনের জন্য শর্তজুড়ে দিয়েছে।
তিনি আরো  বলেছেন, “তারা আমাকে কবরস্থানের যেকোনো একটি তাজা কবরে কাছে নিয়ে যেতে চায় এবং বলতে চায়, এখানে আপনার ছেলে শুয়ে আছে।” নাভালনায়া ছয় দিন আগে তাঁর ছেলের মৃত্যুর খবর পেয়ে উত্তর রাশিয়ার সালেখার্ড শহরে যান। তিনি এর আগে তাঁর ছেলের মৃতদেহ দেখার অনুমতি পাননি। গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে নাভালনিকে কবর দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আবেদন করে অনুমতি চেয়েছিলেন।
 

গতকাল বৃহস্পতিবার নাভালনির ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিও বক্তব্যে লুদমিলা নাভালনায়া জানান, কর্তৃপক্ষ তাকে হুমকি দিচ্ছে। তিনি বলেন, “আমার চোখের দিকে তাকিয়ে তারা বলেছে, আমি যদি গোপনে মৃতদেহ দাফন করতে রাজি না হই তাহলে তারা আমার ছেলের লাশ নিয়ে কিছু একটা করবে।” তিনি আরো বলেন, “তদন্তকারীরা বলেছেন, সময় আপনার অনুকূলে নেই। লাশ গলে যাচ্ছে।” লিউডমিলা নাভালনায়া পোস্ট করা ওই ভিডিওতে মৃতদেহ ফেরত দেওয়ার দাবি করে ভিডিও শেষ করেন।

রুশ কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সান ফ্রান্সিসকোতে নাভালনির স্ত্রী ইউলিয়া এবং তাঁর মেয়ে দশা নাভালনায়ার সঙ্গে দেখা করেছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যালেক্সি নাভালনির অসাধারণ সাহস, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং একটি মুক্ত ও গণতান্ত্রিক রাশিয়া গঠনের চেষ্টার প্রশংসা প্রকাশ করেছেন।’ এতে আরো বলা হয়,‘মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করার প্রস্তুতি নিচ্ছে।’

গত এক দশকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি মারা যান গত  ১৬ ফেব্রুয়ারি । কারা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছিল।
দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে দেখা হতো নাভালনিকে। রাশিয়ার একটি আদালত তাকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছিল। গত বছরের শেষের দিকে নাভালনিকে বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে স্থানান্তর করা হয়েছিল।

ইয়ামালো-নেনেটস্ জেলার কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার একটু হাঁটাহাঁটি করার পর অসুস্থ বোধ করছিলেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি অচেতন হয়ে পড়েন বলে বিবৃতিতে জানানো হয়। আরো উল্লেখ করা হয়, জরুরি চিকিৎসক দলকে ডাকা হলে তারা নাভালনির জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু কোনো চেষ্টাই আর কাজে আসেনি। তবে মা ইউলিয়া নাভালনায়া ও তাঁর স্ত্রীর দাবি পুতিনের নির্দেশে তাঁকে হত্যা করা হয়েছে এবং তাঁর সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে ক্রেমলিন এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে রাষ্ট্রবিজ্ঞানী তাতিয়ানা স্ট্যানোভায়া বলেছেন, “নাভালনায়াকে তাঁর ছেলের মৃতদেহ দেখানোর সিদ্ধান্ত ইঙ্গিত দেয়, কর্তৃপক্ষ একটি চুক্তি করতে চাইছে।” তিনি তাঁর টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টে লিখেছেন, “মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে, তবে শর্ত দেওয়া হয়েছে অন্ত্যেষ্টিক্রিয়া রাজনৈতিক কোনো অনুষ্ঠানে পরিণত হতে পারবে না।”

সূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য