সোশ্যাল মিডিয়ার ৯৫৯৮টি লিংক অপসারণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে অসত্য ও উসকানিমূলক তথ্য সংশ্লিষ্ট ৯ হাজার ৫৯৮টি লিংক অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ তথ্য জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী জানান, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার অসত্য ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অন্তর্ভুক্ত নয়। সংসদ নির্বাচনের আগে ও পরে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া হতে অসত্য ও উসকানিমূলক তথ্য সংশ্লিষ্ট ৯ হাজার ৫৯৮টি লিংক অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একই সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, দেশে বর্তমানে ১৯ কোটি মোবাইল সিম গ্রাহক রয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ। ইন্টারনেটে ২০ লাখ যুবকের কর্মসংস্থান হচ্ছে, আইটিতে কাজ করছে ছয় লাখ ৯০ হাজার যুবক। এরা দেশে প্রতিবছরে এক দশমিক ৯ বিলিয়ন ইউএস ডলায় আয় করছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিটিসিএলের গ্রাহকসেবায় মান বৃদ্ধির জন্য বিটিসিএল সকল সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিসিএলের একক অনলাইন পোর্টাল ও মোবাইল অ্যাপ টেলিসেবা চালু করা হয়েছে।
তিনি জানান, বিটিসিএলের অফিসে গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে যেখানে গ্রাহক সকল ধরনের সেবা পেয়ে থাকেন। পাশাপাশি বিটিসিএলে কল সেন্টার ১৬ হাজার ৪০২ চালু করা হয়েছে। এ সকল সেবা বেগমগঞ্জের বিটিসিএল গ্রাহকরাও উপভোগ করতে পারছেন।
