টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ নিহত ২
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে এক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ীর রেল ব্রিজের কাছ থেকে ফখরুল ইসলাম (২০) নামে ওই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।
নিহত ফখরুল ইসলাম লক্ষীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ছুটি শেষে বগুড়া ক্যান্টমেন্টে যোগদানের জন্য যাচ্ছিলেন বলে তার পরিবার জানিয়েছেন। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, টাঙ্গাইলের ঘারিন্দা এলাকার পয়লা নামক স্থানে ভোরে ট্রেনে কাটা পড়ে খন্দকার আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত খন্দকার আবুল কালাম জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
