আল-শাবাবের হাতে জাতিসংঘের হেলিকপ্টার আটক, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

আল-শাবাব সশস্ত্র বাহিনী সোমালিয়ায় জাতিসংঘ মিশনের একটি হেলিকপ্টার আটক করেছে। ভুলবশত হেলিকপ্টারটি ওই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকায় অবতরণ করে বলে একজন কর্মকর্তা বলেছেন। হেলিকপ্টারটি কেন্দ্রীয় শহর বেলেডওয়েন থেকে উড্ডয়ন করে এবং সোমালিয়ার গালমুদুগ রাজ্যের উইসিল শহরের দিকে যাচ্ছিল।

তবে বার্তাসংস্থা এএফপি এই বিষয়ে জতিসংঘের একটি অভ্যন্তরীণ মেমো দেখেছে।

 

তারা জানিয়েছে, ধুসামারেবের দক্ষিণপূর্বে ৭০ কিলোমিটার দূরে কিছু যান্ত্রিক সমস্যার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। গালমুডুগ রাজ্যের নিরাপত্তা মন্ত্রী মোহাম্মদ আবদি আদান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেছেন, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি গালগাদুদ অঞ্চলের হিন্দেরের আশেপাশে অবতরণ করেছে। আটজন বিদেশিসহ হেলিকপ্টারে নয়জন ছিলেন এবং এদের মধ্যে দুইজন পালিয়েছেন। তৃতীয় ব্যক্তি পালাতে চেয়েছিলেন কিন্তু তখন গুলি চালানো হলে তিনি নিহত হন।
 

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, বাকিদের অপহরণের ঘটনা এখনো যাচাই করে দেখা সম্ভব হয়নি। মেমোতে বলা হয়েছে, হেলিকপ্টারে যারা ছিলেন, তারা কেউ জাতিসংঘের কর্মী নন। তাদের মধ্যে ছয়জনকে আল-শাবাব জিম্মি করেছে।

নিউ ইয়র্কে জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, অপহৃতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

কিন্তু হেলিকপ্টারে যারা ছিলেন, তাদের নিরাপত্তার স্বার্থে এখনই আর কিছু জানানো হচ্ছে না। তাদের উদ্ধার করার জন্য সবরকম চেষ্টা চলছে। আল-শাবাব এখনো এর দায় স্বীকার করেনি। যাদের অপহরণ করা হয়েছে, তারা কোন দেশের নাগরিক সেটাও জানা যায়নি। 

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার সামরিক কর্মকর্তা মেজর হাসান আলী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘ হেলিকপ্টারটি  চিকিৎসা সামগ্রীও বহন করছিল এবং এটি গালমুডুগ অঞ্চল থেকে আহত সৈন্যদের পরিবহন করার কথা ছিল।

’আল-শাবাব দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করে থাকে। দলটি আল-কায়েদার সাথে সম্পৃক্ত এবং প্রায় ২০ বছর ধরে নৃশংস বিদ্রোহ চালিয়েছে। ২০০৬ থেকে সোমালিয়া সরকারের সঙ্গে লড়াই করছে।  তাদের উদ্দেশ্য, শরিয়া অনুসারে চলবে এমন একটি ইসলামিক রাষ্ট্র গঠন করা। চাঁদাবাজির অর্থে চলে সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠীটি। দেশটির সরকার সাম্প্রতিক মাসগুলোতে আল-কায়েদা-সংশ্লিষ্ট এই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই জোরদার করেছে।

সূত্র: বিবিসি, ডয়চে ভেলে

এ বিভাগের অন্যান্য