আবারো বন্যা নিয়ে দুঃসংবাদ
সিলেটের সময় ডেস্ক :
আগামী ৩ দিনে দেশের উত্তরাঞ্চলের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একই সময়ে সুরমা-কুশিয়ারা, ধরলা এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকার কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ারও আশঙ্কা করা হচ্ছে।
গতকাল রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে কেবল কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যার ঝুঁকি রয়েছে।
এ ছাড়া সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ, ধরলা অববাহিকাভুক্ত লালমনিরহাট ও কুড়িগ্রাম এবং সোমেশ্বরী ও ভুগাই-কংস অববাহিকাভুক্ত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চল আগামী ৭২ ঘণ্টায় সতর্কসীমা বা বিপৎসীমার কাছাকাছি পানি প্রবাহের কারণে সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
