৭ মাসের মেয়েকে আছড়ে হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে বাবা

সিলেটের সময় ডেস্ক :

 

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা মামলায় বাবা কবির ইসলামের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

আজ রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল এই রিমান্ড আবেদন করেন।

সাত মাস বয়সি রাফা মনি কবিতাকে গেল গত ১৫ জুলাই সন্ধ্যায় আছাড় মারেন বাবা কবির ইসলাম। সাধারণ জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। পর দিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে তুরাগ থানাপুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৬ জুলাই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। রাফা মনিকে আছড়ে হত্যার ঘটনায় গত ১৭ জুলাই তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। গত মঙ্গলবার আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন, তিনি দীর্ঘ ধরে মাদকাসক্ত। কবির মাদক সেবন করে প্রায়ই লিমাকে মারধর ও গালিগালাজ করতেন। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে গত বুধবার (১৫ জুলাই) বাবাকে দেখতে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান লিমা।

সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। কবির ক্ষিপ্ত হয়ে রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর উঠিয়ে রাস্তায় আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পর দিন বৃহস্পতিবার দুপুরে রাফা মনির মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য