সিলেটে ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে।

মারা যাওয়া ৩ শিশুর মধ্যে হবিগঞ্জের ১ বছর ৫ মাস বয়সী ১টি শিশু এবং সুনামগঞ্জের ১ বছর ৭ মাস ও ৮ মাস বয়সী ২টি শিশু রয়েছে। তারা সবাই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৫৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গে ৯৯ জন এবং নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জন। জেলার ভিত্তিতে সর্বোচ্চ ৪৭ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। এরপর সিলেটে ৩৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৯ জনের মৃত্যু হয়েছে।

এ বিভাগের অন্যান্য