ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৫ হাজার
আন্তর্জাতিক দেস্কঃ
ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩০ জনে। তবে জাতিসংঘের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ থাকতে পারেন।
বৃহস্পতিবার দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ সর্বশেষ মৃত্যুর এ সংখ্যা নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রায় এক মাস আগে সংঘটিত এই দুর্যোগে দেশজুড়ে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, অন্তত ১৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং ২১ হাজার ১২০ জন বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।
ভূমিকম্পের পর থেকেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ভেনেজুয়েলার উদ্ধারকারী দল। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম যথেষ্ট ধীরগতির।
ভূমিকম্পে বাস্তুচ্যুত সিনথিয়া পুলিদো আল জাজিরাকে বলেন, ‘ভূমিকম্পের পরপরই সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধারকাজে নেমে পড়েছিলেন। কিন্তু সরকারের উপস্থিতি আমরা অনেক পরে দেখতে পেয়েছি। এখনও আমরা কার্যকর সহায়তার অপেক্ষায় আছি।’
দুর্যোগের পরপরই বিভিন্ন দেশ থেকে পাঠানো আন্তর্জাতিক উদ্ধারকারী দল তাদের অভিযান শেষ করে ফিরে গেছে। বর্তমানে জরুরি উদ্ধার তৎপরতার পরিবর্তে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, বিশেষজ্ঞদের মতে, ২০১৫ সাল থেকে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দুর্যোগ মোকাবিলা ও পুনর্গঠন কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে।
সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও সহ-পরিচালক মার্ক ওয়েইসব্রট বলেন, ভেনেজুয়েলার এমন গুরুত্বপূর্ণ আর্থিক সম্পদ রয়েছে, যেগুলো ব্যবহারের সুযোগ দেশটি পাচ্ছে না। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ভেনেজুয়েলার প্রায় ১১ বিলিয়ন ডলারের সম্পদ অবরুদ্ধ করে রেখেছে, যা দেশটির আইনগতভাবে পাওয়ার কথা।
এ পরিস্থিতিতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের ১৪ জন আইনপ্রণেতা হোয়াইট হাউসের কাছে একটি চিঠি পাঠিয়ে ভেনেজুয়েলার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানান।
তাদের ভাষ্য, বিদ্যমান নিষেধাজ্ঞা জরুরি মানবিক সহায়তা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং দেশটির দুর্যোগ মোকাবিলা ও পুনর্গঠন প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে।
জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, ভেনেজুয়েলার পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।
