জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে মাধবপুরে সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেটের সময় ডেস্ক :

 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার প্রতিনিধিত্বকারী ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে থিমভিত্তিক প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। প্রধানমন্ত্রী প্রতিটি স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সঙ্গে ছবি তোলেন এবং জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে স্বর্ণপদক ও সনদপত্র বিতরণ করেন। জাতীয় অনুষ্ঠানটি উপজেলা পর্যায়ে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি সম্প্রচার করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি গাছের চারা রোপণ করা হয়। একই কর্মসূচির অংশ হিসেবে মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে কমপক্ষে তিনটি করে গাছের চারা রোপণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য