সালিসে দাদাকে গুলি, আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার
সিলেটের সময় ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে বাগবিতণ্ডার জেরে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধকে গুলির ঘটনায় অভিযুক্ত মো. আশিককে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মো. আশিক (২৩) সম্পর্কে গুলিবিদ্ধ নজরুল ইসলামের (৭০) নাতি বলে জানা গেছে।
র্যাব জানায়, গতকাল সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আশিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় ৩ জুলাই সন্ধ্যায় স্থানীয়ভাবে বৈঠক হয়। এতে ফারুকের চাচা নজরুলসহ আরও একজন ছিলেন। ঘটনার সময় আয়েশার সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হয়ে উঠেন।
পরবর্তীতে তিনি ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানান। আশিক ঘটনাটি জানতে পেরে রাতে এলাকায় আসেন। পরের দিন ৪ জুলাই বিকেলে ঘটনাটি নিয়ে আবারও বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি বৃদ্ধ নজরুলকে গুলি করেন। ঘটনার পর থেকে আশিক পলাতক ছিলেন। এ ঘটনায় আশিকের বিরুদ্ধে ৬ জুলাই নজরুল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘মামলার আসামি আশিক পলাতক ছিলেন। আমরা তাকে গ্রেপ্তার করেছি। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে একটি অস্ত্রও উদ্ধার করি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’
