ভিয়েতনামে স্পিডবোট উল্টে ১৫ ভারতীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি দ্বীপ ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকবাহী একটি স্পিডবোট ডুবে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, স্পিডবোটটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। দক্ষিণাঞ্চলীয় ফু কুওক দ্বীপের কাছে অবস্থিত হন মাই রুট নগোয়াই দ্বীপ থেকে প্রায় ৪০০ মিটার দূরে স্পিডবোটটি উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর আশপাশে থাকা নৌকা ও স্পিডবোটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার শুরু করে।

পরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড ও অন্যান্য উদ্ধারকারী সংস্থাও উদ্ধার অভিযানে যোগ দেয়। তবে অনেক যাত্রী স্পিডবোটের ভেতরে আটকে পড়ায় উদ্ধারকাজ জটিল হয়ে পড়ে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিহত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থাইল্যান্ড উপসাগরে অবস্থিত ফু কুওক ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকতভিত্তিক পর্যটনকেন্দ্র। এর দক্ষিণে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত হন মাই রুট দ্বীপ সাদা বালুর সৈকত ও স্বচ্ছ পানির জন্য পরিচিত। প্রতি বছর দেশি-বিদেশি লাখো পর্যটক সেখানে ভ্রমণে যান।

এ বিভাগের অন্যান্য