বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

বিনোদন ডেস্ক ঃ

 

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বখ্যাত পপসংগীতশিল্পী টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল খেলোয়াড় ট্রাভিস কেলসি। শুক্রবার নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাদের বিয়ের খবর নিশ্চিত করেন সুইফটের জনসংযোগ কর্মকর্তা। তিন বছরের প্রেমের পরিণতি দেখতে ভক্তদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো এলাকা। অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তা, তারকাদের মিলনমেলা এবং ভক্তদের উপচে পড়া ভিড়।

ম্যানহাটনের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরের বিশাল ডিজিটাল পর্দায় ভেসে ওঠে ‘জাস্ট টি অ্যান্ড টি ম্যারিড’ বার্তা। এরপর ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে সুইফটের জনসংযোগ কর্মকর্তা জানান, একাধিক গ্র্যামি জয়ী এই সংগীতশিল্পী কানসাস সিটি চিফসের তারকা খেলোয়াড় ট্রাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

‘টেইলর সুইফট অ্যান্ড ট্রাভিস কেলসি আর ম্যারিড!’ শিরোনামের ওই বিবৃতিতে জানানো হয়, জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সেখানে তাঁকে নবদম্পতির ঘনিষ্ঠ বন্ধু বলেও উল্লেখ করা হয়েছে।

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে,পারিবারিক দায়িত্বেও ছিলেন দুই পরিবারের সদস্যরা। টেইলর সুইফটের ভাই অস্টিন সুইফট ‘ম্যান অব অনার’-এর ভূমিকা পালন করেন। অন্যদিকে ট্রাভিস কেলসির ভাই ও অবসরপ্রাপ্ত ফুটবল তারকা জেসন কেলসি ছিলেন ‘বেস্ট ম্যান’।

অনুষ্ঠানে জেনিফার লোপেজ, এড শিরান, ইথান হক, জিমি ফ্যালন এবং অ্যাবি ওয়ামবাখসহ বিনোদন ও ক্রীড়া জগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। তীব্র গরম উপেক্ষা করেই তারা অনুষ্ঠানে যোগ দেন। এদিন নিউইয়র্কের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

কড়া নিরাপত্তার মধ্যে আয়োজিত এই বিয়েকে ইতোমধ্যেই অনেকেই ‘আমেরিকার রাজকীয় বিয়ে’ হিসেবে আখ্যা দিচ্ছেন। প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০ অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনকে বছরের সবচেয়ে আলোচিত তারকাবহুল অনুষ্ঠানের একটি বলেও মনে করা হচ্ছে।

Taylor Swift and Travis Kelce are married. Here are the details

অনুষ্ঠানস্থলের বাইরে সকাল থেকেই জড়ো হন টেইলর সুইফটের ভক্তরা, যাদের ‘সুইফটিজ’ নামে ডাকা হয়। প্রিয় শিল্পীকে একনজর দেখার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তারা। এক ভক্তের হাতে ছিল গোলাপি-সাদা রঙের ‘ফ্রেন্ডশিপ ব্রেসলেট’, যাতে লেখা ছিল ‘টিম ব্রাইড’। আরেকজন টেইলর সুইফটের জনপ্রিয় গানের অনুপ্রেরণায় তৈরি একটি প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানে লেখা ছিল, ‘কার্মা ইজ দ্য গাই অন দ্য চিফস, কামিং স্ট্রেইট টু এমএসজি।’

মিশিগান থেকে আসা ১৪ বছর বয়সী জেনট্রি ভন তার মা ড্যানিয়েলকে নিয়ে অনুষ্ঠানের বাইরে অপেক্ষা করছিলেন। ‘জাস্ট টি অ্যান্ড টি ম্যারিড’ লেখা সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমরা টেইলরকে খুব ভালোবাসি। তাকে অনুসরণ করি। এই মুহূর্তের সাক্ষী হতে পারাটা সত্যিই দারুণ লাগছে।’

অন্যদিকে টেক্সাস থেকে বেড়াতে আসা ১৫ বছর বয়সী স্কুলছাত্রী জেন লোরি তারকাদের দেখার আশায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বিপরীত পাশে একটি উঁচু কাঠামোতে উঠে দাঁড়ান। পরে তিনি জানান, সেখানে থেকে তিনি কেবল দুজন ফুটবল খেলোয়াড়কে দেখতে পেরেছেন।

জেন বলেন, ‘আমি টেইলর সুইফটকে দেখতে চেয়েছিলাম, কারণ তার গান আমার খুবই পছন্দ।’ তিনি আরও বলেন, প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদের নানা অভিজ্ঞতা সুইফট বরাবরই তার গানে তুলে ধরেছেন। তাই বিয়ের পর প্রকাশিত নতুন অ্যালবামে এই নতুন অধ্যায়ের প্রতিফলনও দেখা যাবে বলে তার বিশ্বাস। ‘আমার মনে হয়, এই বিয়ে নিয়ে তিনি অনেক সুন্দর কিছু গান লিখবেন,’ যোগ করেন তিনি।

এদিকে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আগেই বৃহস্পতিবার ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। তবে এ বিষয়ে নবদম্পতি কিংবা তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই তাদের নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। ২০২৫ সালে বাগদানের ঘোষণা সেই আগ্রহ আরও বাড়িয়ে দেয়। অবশেষে তিন বছরের প্রেমের পরিণতি ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই বহুল আলোচিত তারকা জুটি।

এ বিভাগের অন্যান্য