ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
সিলেটের সময় ডেস্ক :
ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জেরে বাড়ি ফেরার পথে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. নয়ন নামে কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মানিক নামের একজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের শনিরপোল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমোহন বাজারে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের সহপাঠীরা। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
নিহত নয়ন (১৮) একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে এবং ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন বলে জানা গেছে। আহত দুইজন তার সহপাঠী। এ ঘটনায় তার সঙ্গে থাকা গুরুতর জখম আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল রেফার্ড করা হয়েছে।তবে এ ঘটনার পরপরই পালিয়েছে দুর্বৃত্তরা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ছুরিকাঘাতে নিহতের মরদেহ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহত দুইজনকে বরিশালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে একজনকে গ্রেপ্তার করেছে।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা এখনো জানা যায়নি।’
