উগান্ডায় দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ সেনাপ্রধানের
উগান্ডার সেনাপ্রধান এবং দেশটির প্রেসিডেন্টের ছেলে মুহুজি কাইনেরুগাবা দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম বন্ধ করার নির্দেশ দিয়েছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি এ তথ্য জানান।
মুহুজি কাইনেরুগাবা জানান, উগান্ডার সবচেয়ে বড় স্বাধীন দৈনিক ‘ডেইলি মনিটর’ এবং দেশের অন্যতম বড় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এনটিভি উগান্ডা’ তার অনুমতি ছাড়া আবার সম্প্রচার বা প্রকাশনা শুরু করতে পারবে না। তবে তিনি কেন এই দুটি গণমাধ্যম বন্ধ করার নির্দেশ দিয়েছেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।
ডেইলি মনিটর ও এনটিভি উগান্ডা- দুই প্রতিষ্ঠানই কেনিয়াভিত্তিক সংবাদমাধ্যম প্রতিষ্ঠান নেশন মিডিয়া গ্রুপের মালিকানাধীন।
মুহুজি কাইনেরুগাবাকে দীর্ঘদিন ধরেই উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত।
