আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তানও
আন্তর্জাতিক ডেস্ক ঃ
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শনিবার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন রাজধানী কাবুলসহ প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়। এতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ১০০ কিলোমিটার গভীরে।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এবং পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে।
এদিকে একই দিনে পাকিস্তানেও ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইএমএসসি।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলার ডেপুটি কমিশনার আবদুল রাজ্জাক খাজাক জানান, জেলার বিভিন্ন এলাকায় অন্তত ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেলুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্গত মানুষের জন্য তাঁবু, খাদ্যসামগ্রী, সৌর প্যানেল, কম্বলসহ বিভিন্ন জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার বাসিন্দা দানিয়াল আহমদ জানান, ভূমিকম্পের কম্পন সেখানে বেশ তীব্র ছিল এবং বেশ কিছু সময় ধরে স্থায়ী হয়।
তিনি বলেন, ‘সোয়াতে ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল এবং দীর্ঘ সময় ধরে অনুভূত হয়েছে। মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। নারী ও শিশুদের অনেককে কান্নাকাটি করতে দেখা গেছে।’
তবে সোয়াত এলাকায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
