বিকল ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল চালক-হেলপারের

সিলেটের সময় ডেস্ক :

 

ফেনীতে এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক-সহকারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক জাহাঙ্গীর আলম (৪০) ও হেলপার রাকিব হোসেন (১৮)। জাহাঙ্গীরের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দুঃখিয়ারকান্দি এলাকায় এবং রাকিবের বাড়ি একই জেলার বরুড়া উপজেলার ঝাপুয়া গ্রামে।

আহতদের মধ্যে আবদুর শুক্কুর (৫২), বেলাল হোসেন (৩৭), আরিফুল ইসলাম (৩২), আরিফ (২০) ও মো. রাসেলকে (৩২) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কক্সবাজারের কুতুবদিয়ার মো. মিজান (৩৫) এবং নোয়াখালীর সোনাপুর এলাকার সাগর (২২) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত জুয়েল (১৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হলে সেটি মহাসড়কের পাশে থামিয়ে চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয় কয়েকজন উৎসুক মানুষ জড়ো হন। পরে আকস্মিক ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য