অটোরিকশায় পিকআপের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩
সিলেটের সময় ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক মাহবুব (৪৫), অটোরিকশার যাত্রী জোসনা বেগম (৪০) ও তার ছেলে আশরাফুল (৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশায় ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার যাত্রীরা। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও সহযোগী পালিয়ে যায়। তাদেরকে আটক করার চেষ্টা চলছে।
