ভারতে হাসপাতালে আগুন, ৪ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ঃ 
 

 

ভারতের বিহারের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন রোগীর মৃত্যু হয়েছে। মুজাফফরপুর জেলায় অবস্থিত প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে দমকল বিভাগ একটি জরুরি ফোন পায় এবং একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।মুজাফফরপুরের দমকল বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে বলেন, ‘আমরা আইসিইউ থেকে ১৫-২০ জন রোগীকে উদ্ধার করেছি, যাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান।

বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের কাছে কোনো নতুন তথ্য নেই।’প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুজাফফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন বলেন, ‘আইসিইউতে প্রায় ১৩ জন রোগী ছিলেন এবং আরো কয়েকজনকে সিসিইউতে ভর্তি করা হয়েছিল।
তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’গতকাল বুধবার দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ২১ জন নিহত এবং ২৬ জন আহত হওয়ার এক দিন পর এই ঘটনাটি ঘটল। হাউজ রানি এলাকার ‘ফ্লোরিশ স্টে’ বেড-অ্যান্ড-ব্রেকফাস্টে সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগে। আগুন লাগার সময় হোটেলে প্রায় ৪০ জন অতিথি ছিলেন, যাদের বেশিরভাগই ঘুমিয়ে ছিলেন।দিল্লি পুলিশ জানিয়েছে, ভবনটিতে প্রবেশ ও প্রস্থানের জন্য মাত্র একটি পথ ছিল।

জানালাগুলো স্থায়ীভাবে বন্ধ ছিল এবং প্রধান দরজাটি সেন্সর দ্বারা চালিত ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর অতিথিদের বের হওয়ার উপায় খুব সীমিত ছিল।
এ বিভাগের অন্যান্য