বিষ বিক্রি করে আত্মহত্যায় সহায়তা, দোষ স্বীকার কানাডীয় নাগরিকের

আন্তর্জাতিক ডেস্ক :

 

বিশ্বজুড়ে অনলাইনের অন্ধকার দিক নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আত্মহত্যায় ব্যবহারের জন্য বিষ ও সরঞ্জাম সরবরাহের অভিযোগে অভিযুক্ত এক কানাডীয় নাগরিক আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন, যা সর্বমহলে আলোড়ন তুলেছে।

কানাডার অন্টারিও প্রদেশের নিউমার্কেট আদালতে শুক্রবার (২৯ মে) হাজির হয়ে ৬০ বছর বয়সী কেনেথ ল তারই নিজ দেশের ১৪ জনকে আত্মহত্যায় সহায়তার দায় স্বীকার করেন। একসময় প্রকৌশলী হিসেবে কাজ করা এই ব্যক্তি পরবর্তীতে টরন্টোর একটি হোটেলে বাবুর্চির কাজও করেছিলেন।

তদন্তে জানা যায়, তিনি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আত্মহত্যাপ্রবণ বা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের কাছে প্রাণঘাতী বিষাক্ত উপাদান ও সরঞ্জাম বিক্রি করতেন। তার সরবরাহ করা এসব উপাদান ব্যবহার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বহু মানুষের মৃত্যু হয়েছে।

কানাডা ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ মোট ৪১টি দেশের শতাধিক মানুষের কাছে তিনি ‘আত্মহত্যার বিষের প্যাকেট’ পাঠিয়েছিলেন। কর্তৃপক্ষের তথ্যমতে, অনলাইন ফোরামের মাধ্যমে তিনি প্রায় ১,২০০টি এমন প্যাকেট বিক্রি করেন।

আদালতে কেনেথ স্বীকার করেছেন, অন্টারিওতেই ১৪ জনের মৃত্যুর সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। এসব ভুক্তভোগীর বয়স ছিল ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। এছাড়া তিনি যুক্তরাজ্যে বিষ পাঠানোর কথাও স্বীকার করেছেন, যেখানে তার সরবরাহ করা উপাদানে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্কটল্যান্ডে ৫ জন এবং নর্দান আয়ারল্যান্ডে একজনের মৃত্যুর সঙ্গেও তার যোগসূত্র পাওয়া গেছে।

২০২৩ সালে গ্রেফতারের পর তার বিরুদ্ধে ১৪টি খুন এবং ১৪টি আত্মহত্যায় সহায়তার অভিযোগ আনা হয়েছিল। তবে আদালতে আত্মহত্যায় সহায়তার অভিযোগগুলো স্বীকার করায় প্রসিকিউশনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে খুনের অভিযোগগুলো প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যের টাইমস পত্রিকার অনুসন্ধানে তার এই কর্মকাণ্ড প্রকাশ্যে আসে। ওই প্রতিবেদনে এক সাংবাদিক ক্রেতা সেজে কেনেথের সঙ্গে যোগাযোগ করলে তিনি কীভাবে বিষ ব্যবহার করলে মৃত্যু নিশ্চিত হবে, সে সম্পর্কেও নির্দেশনা দেন।

এই অনুসন্ধানের পাশাপাশি অন্তত ১১টি আইন প্রয়োগকারী সংস্থার তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তে যুক্তরাজ্য, ইতালি ও যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের তদন্তকারীরা যুক্ত ছিলেন। আদালতে দোষ স্বীকারের পর আগামী সেপ্টেম্বর মাসে কেনেথ ল-এর সাজা ঘোষণা করা হতে পারে।

তথ্য সূত্র- দ্য গার্ডিয়ান।

এ বিভাগের অন্যান্য