ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক ঃ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে সামান্য পতন দেখা গেছে। তবে এখনো চূড়ান্ত সমঝোতা না হওয়ায় বড় ধরনের মূল্যপতন হয়নি।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের জুলাই ডেলিভারির দাম ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৩৬ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ কমে ৮৮ দশমিক ২৭ ডলারে নেমেছে।
এ ছাড়া বেশি লেনদেন হওয়া আগস্টের ব্রেন্ট ফিউচারসের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ২৪ ডলারে।
বিশ্লেষকদের মতে, গত এক সপ্তাহে তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। এ সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশের বেশি কমেছে। গত সপ্তাহে যেখানে দাম ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৪৭ ডলার পর্যন্ত উঠেছিল, পরে তা নেমে আসে ৮৭ দশমিক ১১ ডলারে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা, সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর গুঞ্জনের কারণে বাজারে এমন ওঠানামা হচ্ছে।
বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলের যেকোনো উত্তেজনা সরাসরি জ্বালানি বাজারে প্রভাব ফেলে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। তবে চুক্তিটি এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পায়নি।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
