রাজধানীতে দুই বাসের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৪
রাজধানীর নতুন বাজারসংলগ্ন নর্দা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।
নিহতরা হলেন—লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও রবিউল (২২)। তাদের বাড়ি বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকায়।
জানা যায়, দুর্ঘটনার পরই ইসলাম পরিবহনের বাসের চালক ও হেল্পার পালিয়ে যান।
প্রত্যাক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে উঠে যায়। পরে উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়।
ভাটারা থানার উপপরিদর্শক নেসার উদ্দিন জানান, নতুন বাজারের নর্দা এলাকায় সড়কে ভিড় ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে বিপরীত লেনের বাসে ধাক্কা দেয়। আকাশ পরিবহনের বাসে যাত্রী বেশি থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুটি বাস রেকার দিয়ে সরিয়ে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
