সৌদিতে হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু
সিলেটের সময় ডেস্ক :
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) হজ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৩০ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করলেন, যাদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।
নিহত তিন হজযাত্রী হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুরের মো. আবদুর রহমান ও নরসিংদীর রায়পুরার মো. হারুন অর রশীদ।
এ বছর ব্যবস্থাপনা সদস্যসহ মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী পবিত্র হজ পালন করছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন হজে অংশ নিয়েছেন।
এদিকে আজ মঙ্গলবার ঐতিহাসিক আরাফাত ময়দানে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে এবং মিনায় লাখো হাজির সমাগম ঘটেছে।
