‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ায় পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে মামলা
সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্টের অভিযোগে পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের নামে মামলা করেছেন আইনজীবী জয়দীপ সেন। ‘রগড়ানি দিবস’ মন্তব্যকে কেন্দ্র করে এই দুই তারকার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শনিবার গড়িয়াহাট থানায় হাজিরা দিয়েছেন স্বস্তিকা।
গত বৃহস্পতিবার গড়িয়াহাট থানায় ভারতীয় দণ্ডবিধির ১০৯ ও ১৫৩এ ধারায় দুই তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেই আইনজীবী। এর মধ্যে ১৫৩এ ধারা জামিন অযোগ্য। ঘটনাটি ২০২১ সালের হওয়ায় ভারতীয় ন্যায়সংহিতার পরিবর্তে ভারতীয় দণ্ডবিধিতেই মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমব্রত দাবি করেন, তাঁর ওই মন্তব্যটি ছিল বিজেপি নেতা দিলীপ ঘোষের একটি মন্তব্যের প্রেক্ষিতে করা।
২০২১ সালের নির্বাচনের আগে টালিউডের কয়েকজন শিল্পী রাজনৈতিক ব্যঙ্গধর্মী গান তৈরি করেছিলেন।
পরমব্রতের দাবি, ওই মন্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি ‘রগড়ানি দিবস’ পোস্টটি করেছিলেন। তবে বিষয়টি ঘিরে এখন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
