শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ
সিলেটের সময় ডেস্ক :
দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসিসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) বিকালে উপজেলার সুলতানশী-শরীফপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেলা সাড়ে ৩টার দিকে সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলে ও শরীফপুর গ্রামের ফারুক মিয়ার শিশু কন্যার মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে দুই গ্রামবাসী দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক, উপ-পরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তী, এসআই সোহেল মাহমুদসহ দুইপক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
গুরুতর আহত দুলাল (৩০), মকসুদ আলী (৫৫), ইমরান মিয়া (২২), কিসমত আলী (৪২), রিপন মিয়া (৩৮), ফয়েজ মিয়া (২৫), আমির আলী (৪৫), সাব্বির মিয়া (১৮), রোকন মিয়া (২২), জাহির মিয়া (২৫), মোয়াজসহ (৪৫) অন্তত ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
