পুলওয়ামা হামলার মূল পরিকল্পনাকারী বুরহান পাকিস্তানে নিহত
ভারতের জম্মু-কাশ্মীর অধ্যুষিত এলাকা পুলওয়ামা হামলার অন্যতম অভিযুক্ত হামজা বুরহান অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত আরজামান্দ গুলজার ওরফে বুরহান হামজা জম্মু ও কাশ্মীরে একটি সুসংগঠিত সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনার জন্য ভারতে অভিযুক্ত ছিলেন।
২০২২ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে।
২০২৩ সাল থেকে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মুহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর ৫০ জনেরও বেশি শীর্ষ কমান্ডার অজ্ঞাত হামলাকারীদের গুলিতে নিহত হয়েছেন।
২০১৯ সালে পুলওয়ামা সন্ত্রাসী হামলায় হামজা বুরহানের সংশ্লিষ্টতা ছিল। সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ সদস্য আদিল আহমেদ দার জম্মু-শ্রীনগর মহাসড়কে নিরাপত্তা কর্মীদের গাড়িবহরে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায়।
উল্লেখ্য, আরজমন্দ গুলজার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নিপোরার বাসিন্দা ছিলেন। প্রায় সাত বছর আগে তিনি পাকিস্তানে যান এবং পরে আল-বদর বাহিনীতে যোগ দেন।
