ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণে প্রস্তুত রাশিয়া: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক ঃ
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পরিবহন ও সংরক্ষণের দায়িত্ব নিতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৫ সালেও রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের কাজ করেছিল এবং প্রয়োজনে সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগানো যেতে পারে।
আজ রোববার কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার উদ্ধৃতি দিয়ে সংবাদসংস্থা ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।
প্রতিবেদনে বলা হয়, পুতিন দাবি করেছেন সাম্প্রতিক ইরান সংঘাত চলাকালে সংশ্লিষ্ট সব পক্ষ প্রথমদিকে তেহরানের ইউরেনিয়াম ভাণ্ডার দেশটির বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করে এবং ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডে স্থানান্তরের দাবি তোলে। এর পরেই ইরান আরও কঠোর অবস্থান গ্রহণ করে বলে মন্তব্য করেন তিনি।
রুশ প্রেসিডেন্ট আরও জানান, ‘মস্কো এখনও ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। পরিস্থিতির দ্রুত সমাধান হবে এবং চলমান উত্তেজনার অবসান ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।’
এদিকে, ইরান এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
