পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে যারা
আন্তর্জাতিক ডেস্ক ঃ
ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ১৯৭ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এদিকে, বিজেপির বিজয় স্পস্ট হতেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে দলের কোন নেতা হচ্ছেন মুখ্যমন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণায় এসে বিজেপির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেছেন কোনো এক ‘ভূমিপুত্র’কেই মুখ্যমন্ত্রী করা হবে। তিনি আশ্বাস দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দেওয়া ‘বহিরাগত’ তকমা ঘোচাতে। সেই প্রতিশ্রুতি মেনে সম্ভাব্য নামের তালিকায় সবার আগে উঠে আসছে রাজ্যের বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর নাম।
তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের খুবই বিশ্বস্ত ছিলেন শুভেন্দু। বিজেপিতে যোগ দিয়ে ২০২১-এর বিধানসভার নির্বাচনে মমতাকে হারিয়ে দলের মূল কান্ডারি হয়ে উঠেছেন তিনি। গত পাঁচ বছরে তৃণমূলের বিরুদ্ধে তার লাগাতার আক্রমণ এবং ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়িয়ে যে সাংগঠনিক দক্ষতা তিনি দেখিয়েছেন, তাতে শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দাবিদার হিসেবে মনে করছেন অনেকে।
তবে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে শুভেন্দুর পাশাপাশি আরও বেশ কিছু হেভিওয়েট নাম নিয়ে আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী হিসেবে আরএসএস-ঘনিষ্ঠ ও পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য হতে পারেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম পছন্দ। ২০১৪ সালে বসিরহাট দক্ষিণ থেকে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম বিধায়ক হন তিনি।
অন্যদিকে, যার হাত ধরে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপি প্রসার ঘটেছে, পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সেই সভাপতি দিলীপ ঘোষও মুখ্যমন্ত্রী পদের জন্য এগিয়ে আছেন। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব মিটিয়ে পুনরায় সক্রিয় হওয়া দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে জয়ের পথে। এ ছাড়া উত্তরবঙ্গের ভূমিপুত্র তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ বুদ্ধিজীবী মুখ স্বপন দাশগুপ্তর নাম নিয়েও আলোচনা চলছে।
