মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কী হয়?
সিলেটের সময় ডেস্ক :
মানুষ তিন ধরনের স্বপ্ন দেখে। কিছু স্বপ্ন আসে মানুষের কল্পনা থেকে। মানুষ যা ভাবে বা কল্পনা করে সেটাই ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে আসে। এসব স্বপ্ন মানুষ দেখে আবার ভুলে যায়। এগুলোতে বিশেষ কোনো ইশারা বা অর্থ থাকে না। কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে যা সুসংবাদ, সতর্ক করা বা ভবিষ্যতের কোনো ঘটনার ইশারা হিসেবে আসে। আর কিছু স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে যা দেখে মানুষ ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়।
কেউ যদি স্বপ্নে মৃত কোনো ব্যক্তিকে জীবিত দেখে, ওই স্বপ্নও অর্থহীন বা অর্থবহ দুই রকমই হতে পারে। নিজের স্মৃতি বা কল্পনা দেখে যেমন কেউ মৃত কোনো ব্যক্তিকে জীবিত দেখতে পারে, কারও স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে ইশারা হিসেবেও তাদের দেখানো হতে পারে।
স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখার ব্যাখ্যা সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যাকার প্রখ্যাত তাবেঈ ইমাম মুহাম্মাদ ইবনে সীরীন (রহ.) বলেন, যদি (অর্থবহ) স্বপ্নে কেউ মৃত ব্যক্তিকে (জীবিত) দেখে তাহলে তাকে যে অবস্থায় দেখবে সেটাই বাস্তব বলে ধরা হবে। তাকে যা বলতে শুনবে, সেটা সত্যি বলে ধরা হবে। কারণ সে এমন জগতে অবস্থান করছে যেখানে সত্য ছাড়া আর কিছু নেই। যদি কেউ মৃত ব্যক্তিকে ভালো পোশাক পরা অবস্থায় বা সুস্বাস্থের অধিকারী দেখে, তাহলে বুঝতে হবে সে ভালো অবস্থায় আছে। আর যদি জীর্ণ, শীর্ণ স্বাস্থ্য বা খারাপ পোশাকে দেখে তাহলে বুঝতে হবে, ভালো নেই। তার জন্য তখন বেশি করে মাগফেরাত কামনা ও দোয়া করতে হবে। (তা’বীরুর রু’য়া লিইবনি সীরীন)
এ ছাড়া মৃত ব্যক্তির জন্য দোয়া, আমল বা দান-সদকা করার কথা মনে করিয়ে দেওয়ার জন্যও মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখানো হতে পারে। তাই মৃত বাবা-মা বা আত্মীয়-স্বজনকে যে কোনো অবস্থায় দেখলে তার জন্য বেশি বেশি দোয়া করা উচিত, তার রুহে সওয়াব পাঠানোর নিয়তে দান-সদকা করা উচিত।
আর যদি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার পর এমন কোনো ধরনের অনুভূতি না হয়, বরং যদি এমন মনে হয় যে, ওই ব্যক্তি ভালো আছেন, বা হাসি-খুশি আছেন, তাহলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। সেই সঙ্গে এমন কিছু দেখলে সু-ধারণা পোষণ করতে হবে। তবে মনে রাখতে হবে, কেউ স্বপ্নে যা দেখবে, সেটি কোনো দললি নয়। খারাপ কিছু দেখলেই এমন মনে করা যাবে না, ওই ব্যক্তি আজাবে আছেন, বা জাহান্নামে আছেন। সবসময় সু-ধারণা রাখতে হবে। তবে প্রায়সময় অনেকে স্বপ্নে মৃত বাবা-মা বা আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কাউকে দেখেন। এ নিয়ে নানা কথাও শোনা যায়।
বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে মূলত দুটি অবস্থার কোনো একটি হয়ে থাকে। একটি হলো মৃত ব্যক্তিকে নিয়ে ভালোকিছু দেখা আর অন্যটি খারাপ কিছু দেখা।
জনপ্রিয় এই ইসলামী স্কলারের মতে, স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার পর নিজের মধ্যে অস্থিরতা কাজ করলে, বা মৃত ব্যক্তি কষ্টে আছেন, এমন কিছু দেখলে তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত। সেই সঙ্গে সামর্থ্য অনুযায়ী মৃত ব্যক্তির পক্ষ থেকে দান-সদকা করতে হবে। এছাড়া সামর্থ্য থাকলে মৃত ব্যক্তির নামে হজ-ওমরার মতো কাজসহ যেসব কাজের সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছায় সেগুলো সামর্থ্য অনুযায়ী করা উচিত।
