ফের বাবা হলেন ‘বিগ বস’ বিজয়ী মুনাওয়ার ফারুকি
বিনোদন ডেস্ক :
বাবা হলেন জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস-১৭’-এর বিজয়ী মুনাওয়ার ফারুকি। তার স্ত্রী মেহজাবিন কোটওয়ালা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এই সুখবর জানান মুনাওয়ার ফারুকি নিজেই।
তিনি লেখেন, ‘এই সুন্দর উপহারের জন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন।
এদিকে তার এই খবরে শুভেচ্ছা জানিয়েছেন বরুন ধাওয়ান, রণবীর আল্লাহাবাদিয়া, অ্যালি গনিসহ আরো অনেক তারকা।
জানা গেছে, ২০২৪ সালের মে মাসে মুনাওয়ার ফারুকি মেকআপ শিল্পী মেহজাবিন কোটওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের বিষয়টি তারা শুরুতে গোপন রেখেছিলেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না থাকায় বিষয়টি প্রকাশ্যে আসেনি।
পরে একটি বিয়ের ভিডিও ফাঁস হলে তাদের বিয়ের খবর সামনে আসে। সেই ভিডিওতে অভিনেত্রী হিনা খানকেও উপস্থিত থাকতে দেখা যায়।
বলা দরকার, এটি মুনাওয়ার ফারুকির দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তার একটি পুত্রসন্তান রয়েছে, যার দায়িত্ব তিনি নিজেই পালন করেন। অন্যদিকে মেহজাবিন কোটওয়ালারও প্রথম সংসারে ১০ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
