‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
সিলেটের সময় ডেস্ক :
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। বিষয়টি এ কণ্ঠশিল্পী নিজেই নিশ্চিত করেছেন।
ভারতের নয়া দিল্লিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্রে উৎসবটি অনুষ্ঠিত হবে।
এর মাধ্যমে চতুর্থ খ্যাতিমান ব্যক্তি হিসেবে পুরস্কারটি পেতে যাচ্ছেন রুনা লায়লা।
এর আগে ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী-নৃত্যশিল্পী জোহরা সেহগাল (২০১২), শ্রীলংকার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) ও ‘মেরা নাম জোকার’ ছবির রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)।
আগামী ৪ মে থেকে ৮ মে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। সম্প্রতি রুনা লায়লাকে একটি চিঠি পাঠিয়েছেন উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা।
তিনি লেখেন, কয়েক দশক ধরে আপনার সুমধুর কণ্ঠ এবং বর্ণাঢ্য শৈল্পিক যাত্রা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। আমাদের অনেকের কাছে আপনার গান শুধু সংগীত নয় বরং আবেগ, স্মৃতি এবং আমাদের দুই দেশের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন। সংগীত ও চলচ্চিত্রে আপনার অবদান এমন এক সাংস্কৃতিক ঐতিহ্য সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।
এদিকে ‘মিনার-এ-দিল্লি’ পুরস্কার প্রসঙ্গে রুনা লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় বলেন, মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম, দেখা হবে।
এবারের আয়োজনে নারী ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহ প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
উৎসবে শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, রেভতী, শ্বেতা মেনন, ঊষা উত্থুপ, রাজপাল যাদব ও রঘুবীর যাদবসহ উপমহাদেশের খ্যাতনামা তারকা ও নির্মাতারা অংশ নেবেন।
