চিলমারীতে বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান, দিশেহারা ১২ হাজার কৃষক

সিলেটের সময় ডেস্ক :

 

কুড়িগ্রামের চিলমারীতে গত কয়েকদিনের ভারি বর্ষণে তলিয়ে যাচ্ছে বোরো মৌসুমের সব প্রজাতির পাকা, অর্ধপাকা ও কাঁচা ধান। কৃষকের স্বপ্ন পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার ১২ হাজার কৃষক।

কৃষকরা জানান, গত কয়েকদিনে অব্যাহত বৃষ্টিপাতে ধানের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাকা ধান বৃষ্টির মধ্যে পানি থেকে কেটে নিলেও অর্ধপাকা এবং কাঁচা ধান নিয়ে বিপাকে পড়েছেন তারা।

সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিনে ভারি বর্ষণে নিচু জমির ধান প্রায় তলিয়ে গেছে। অপেক্ষাকৃত উচু জমিতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কৃষক লিয়াতক আলী জানান, ঘন বৃষ্টি আর হাল্কা বাতাসের প্রভাবে প্রায় একবিঘা জমির কাঁচা ধান পানিতে পড়ে গেছে।

আরেক কৃষক ইয়াকুব আলী জানান, তার ১৪ কাঠা জমির ধান পুরোটাই পানিতে নেতিয়ে পড়েছে।

বোরো মৌসুমে ধানের আবাদ ভালো হওয়ায় আশায় বুক বেধেছিলেন কৃষকরা, কিন্তু কয়েকদিনের টানা বর্ষণ আর মৃদু বাতাসে জমির কাঁচা ধান পানিতে পড়ে যাওয়ায় হতাশ তারা।

উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র জানান, উপজেলায় প্রায় ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান রোপন করেন প্রায় ১২ হাজার বোরো চাষী। সম্প্রতি ঘন ও ভারী বর্ষণের ফলে অধিকাংশ জমির ধান পানিতে পড়ে গেছে। এ ব্যাপারে কৃষকদের ধানের ৮০ শতাংশ পাকা হলে কেটে নেওয়া, জমির পানি বের করে দেওয়ায় ব্যবস্থা করা, কয়েকটি করে ধানের গোছা বেধে দাড় করিয়ে দেওয়াসহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য