চুনারুঘাটে ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার
সিলেটের সময় ডেস্ক :
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে চুনারুঘাট থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম সালিমুল হক। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক মালামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. জহির হোসেন (২৫), মো. জাকির হোসেন (২৮), মো. সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), মো. নাহিদ মিয়া (২৪), মো. কালু মিয়া (৪০) ও মো. সোহাগ মিয়া (৩৩)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৬ মার্চ থেকে বিশেষ অভিযান শুরু হয়। প্রথমে হবিগঞ্জ সদর এলাকা থেকে জহির ও জাকিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের বাকি চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে সোহাগ মিয়ার ভাঙারির দোকান থেকে চুরি হওয়া ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং ৪৬ কেজি ৯০০ গ্রাম ট্রান্সফরমারের লোহা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ৮৪ হাজার টাকা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
