নৈশ ভোজের আগেই ট্রাম্পের প্রেস সচিব বলেছিলেন ‘আজ রাতে গুলি চলবে’
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশ ভোজের অনুষ্ঠানে গুলির ঘটনার আগে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠান শুরুর আগে দেওয়া সেই মন্তব্যের সময়কাল নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
ফক্স নিউজের এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে লেভিট বলেন, ‘আজ রাতে কিছু গুলি ছোড়া হবে।’ তিনি মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ধরন বোঝাতে রূপক অর্থে এ কথা বলেন।
পরে তিনি জানান, ভাষণটি ট্রাম্প নিজেই লিখেছেন। ‘এটা পুরোপুরি তার নিজের কাজ,’ বলেন লেভিট।
পরে ট্রাম্প জানান, হামলাকারী সম্ভবত ‘একক ব্যক্তি’ ছিলেন এবং তাকে দ্রুত আটক করা হয়েছে। তিনি একে নিজের বিরুদ্ধে হত্যাচেষ্টা বলেও উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, “প্রথমে আমি ভেবেছিলাম কোনো ট্রে পড়ে গেছে। শব্দটা দূর থেকে আসছিল। তবে ফার্স্ট লেডি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলেন এটি গুলির শব্দ। তিনি বলেছিলেন, ‘এটা খারাপ কিছু।’”
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি একটি নিরাপত্তা ব্যারিকেড পেরিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছে, আর সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে ধাওয়া করছেন।
তবে সেসব ছাপিয়ে এখন আলোচনায় লেভিটের সাক্ষাৎকারের ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এক্সে এটি ৪০ লাখেরও বেশিবার দেখা হয়েছে।
এক ব্যবহারকারী লেখেন, ‘এটা অদ্ভুতভাবে সত্যি হয়ে গেল।’ আরেকজন লেখেন, ‘এই কথা এত দ্রুত ফলে যাবে, তা বুঝিনি। আমি ট্রাম্পকে পছন্দ করি না, তবুও খুশি যে তিনি ও সব অতিথি নিরাপদ আছেন।’
একজন এক্স ব্যবহারকারী মজা করে লেখেন, ‘ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপের আন্টিরা এখন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মেতে উঠবেন।’ আরেকজন বলেন, ‘বাহ, গুলির ঘটনার সঙ্গে এটার কী অদ্ভুত মিল।’
