তিন দিনের রিমান্ড শেষে সেনা সদস্য হাফিজুর কারাগারে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সাবেক সেনা সদস্য হাফিজুরকে আদালতে নিয়ে আসা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেননি। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট বিচারক।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, ‘সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া আরো দুই সন্দেহভাজন আসামিকে খোঁজা হচ্ছে। তাদেরকেও শিগগিরই গ্রেপ্তার করা হবে।
এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুরকে গ্রেপ্তার করে পিবিআই।
পিবিআই সূত্র জানায়, ২০১৭ সালের মে মাসে সিআইডি তদন্ত টিমের সোহাগী জাহান তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়া যায়। তবে পরে আর এগুলো সন্দেহভাজন কারো সঙ্গে মিলিয়ে (ক্রস ম্যাচ) দেখা হয়নি। গত ৬ এপ্রিল এ মামলায় তিন সন্দেহভাজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহীনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতে আবেদন করেছিল পিবিআই।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘ওয়ারেন্ট অফিসার (অব.) হাফিজুর রহমানকে তিন দিনের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আমরা এসব তথ্যগুলো যাচাই-বাছাই করব।’
