মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৬
চট্টগ্রামের সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় দুই উপ-পরিদর্শকসহ (এসআই) ৫-৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সারিকাইত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পরে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার জানান, হামলাকারীদের আটক ও তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
