ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থীদের জয়

সিলেটের সময় ডেস্ক :

 

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৫টি পদের সবগুলোতে বিএনপিপন্থী আইনজীবীরা বিজয়ী হয়েছেন। এতে সভাপতি পদে অ্যাডভোকেট মো. নূরুল হক এবং অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ নামক প্যানেলের সদস্য।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৫টা পর্যন্ত।মোট ভোটার ১ হাজার ৩৬ জনের মধ্যে ৮৪৭ জন ভোট দিয়েছেন এই নির্বাচনে। রাতভর ভোট গণনার পর শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট এ কে এম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে জয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে অ্যাডভোকেট মীর এমরান আলী পাপেল ও অ্যাডভোকেট আলহাজ্ব একেএম মইনুল হোসেন মিলন, সহ সম্পাদক পদে অ্যাডভোকেট সজীব সরকার রোকন, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান খান (জামান) ও অ্যাডভোকেট রাইসুল ইসলাম, অডিডর পদে অ্যাডভোকেট মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট সাবিকুন্নাহার লিপি, অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, অ্যাডভোকেট রেজাউল কিবরিয়া (সোহাগ মন্ডল), অ্যাডভোকেট মো. শাহীন আলম, অ্যাডভোকেট জায়েদ বিন খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সামির আল রশিদ বিপ্লব।

এর আগে ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দিয়ে এ নির্বাচন থেকে ১৬ জনের প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। গত ১৫ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই শেষে প্রার্থিতা বাতিলের নোটিশ প্রকাশ করে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সমিতির আহ্বায়ক প্রফেসর অ্যাডভোকেট আব্দুল বারি। সেই নোটিশে উল্লেখ হয়, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সম্মানিত আইনজীবীদের জানানো যাচ্ছে যে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬-২৭ উপলক্ষে ১৩ এপ্রিল সব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হলো।

এ বিভাগের অন্যান্য