পর্দার গল্পই যখন বাস্তব, দাদুকে হারালেন ‘সাইয়ারা’ অভিনেত্রী অনীত

বিনোদন ডেস্ক ঃ

 

গত বছর ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন অনীত পাড্ডা ও আহান পাণ্ডে। সেই সিনেমায় অনীতের চরিত্রটি ‘অ্যালঝেইমার্স’ (স্মৃতিশক্তি হারিয়ে ফেলা) রোগে আক্রান্ত ছিল। এবার সেই পর্দার গল্পই মিলে গেল অনীতের বাস্তব জীবনের সঙ্গে। দীর্ঘ লড়াইয়ের পর একই রোগে আক্রান্ত তার প্রিয় দাদুকে হারালেন এই অভিনেত্রী।

 

দাদুকে হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হৃদয়স্পর্শী পোস্ট করেছেন অনীত। তিনি দাদুকে তার জীবনের ‘একমাত্র ভালোবাসা’ হিসেবে উল্লেখ করে লিখেছেন, তুমি হয়তো আমাদের স্মৃতি ধরে রাখতে পারোনি, কিন্তু তোমার স্মৃতি আজীবন আমার মনে থাকবে। আমি তোমার মতো ভালো মানুষ হওয়ার চেষ্টা করব।

অনীত জানিয়েছেন, তার দাদুও অ্যালঝেইমার্স রোগে ভুগছিলেন।

এই রোগের কারণে তিনি নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছিলেন। কিন্তু সিনেমার শুটিং বা প্রচারের সময় এই বিষয়ের সঙ্গে অনীতের গভীর যোগাযোগ তৈরি হয়েছিল, যা এখন দাদুকে হারানোর পর তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে। 

গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তার দাদু পরিবারের অন্য সদস্যদের নাম ও পরিচয় ভুলে গেলেও ‘সাইয়ারা’ সিনেমার কিছু দৃশ্য দেখে অনীতকে চিনতে পেরেছিলেন। সেই মুহূর্তটি অনীতের জন্য ছিল ভীষণ আনন্দের ও আবেগের।

দাদুর সঙ্গে কাটানো মজার স্মৃতি এবং তার স্নেহ-মমতা আজীবন আগলে রাখার অঙ্গীকার করেছেন অনীত। সিনেমার সাফল্যের আনন্দ থাকলেও কাছের মানুষকে হারানোর শোকে এখন কাতর এই অভিনেত্রী।

সূত্র : এই সময়

এ বিভাগের অন্যান্য