মাধবপুরে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেটের সময় ডেস্ক :
সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুরে প্রায় ২১ লাখ টাকার ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, গাঁজা ও ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১১টায় ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন মহাসড়কে বিশেষ টহল দল কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুটি ছোট ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ককপিটের কার্টনের ভেতরে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা উদ্ধার করা হয়। পরে এসব রেনুপোনা জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়।
অন্যদিকে, সিন্দুরখান বিওপির অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সিমাইলত এলাকায় জঙ্গলে লুকিয়ে রাখা অবৈধ ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত ফুচকা কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও পৃথক অভিযানে চিমটিবিল বিওপির খাসপাড়া এলাকা থেকে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
