সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৪

সিলেটের সময় ডেস্ক :

 

সুনামগঞ্জের ছয়টি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বুধবার রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত জেলার জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায় এসব অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর।

সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে আটক চারজনের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ২২ রাইফেল, ৪টি পাইপগান এবং ১টি স্টেনগান উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮০টি দেশীয় সাউন্ড বোমা, ৬ রাউন্ড বিদেশি কার্তুজ ও ১ রাউন্ড শটগান কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় প্রাণঘাতী অস্ত্র জব্দ করা হয়।

অস্ত্রের পাশাপাশি অভিযানে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশি মদ, ১১ কেজি গাঁজা এবং ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট।

সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য