চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদসহ ৩ জন
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পূর্ব মসজিদ এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনয়ন পাওয়া ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন।
এরশাদ উল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি জসিম উদ্দিন। ওসি আরো বলেন, ‘এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণা করছিলেন বায়েজিদ বোস্তামী এলাকায়। এ সময় সরওয়ার বাবলা নামের একজনকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।
এদিকে বুধবার সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
