এক বছরেই মানুষ বিরক্ত, অনেকের মুখোশ খুলে গেছে : গোলাম মাওলা রনি
সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, গত এক বছরে আমরা বিরক্ত হয়ে গেছি। এখন নতুন দরবেশ দেখছি, নতুন চাঁদাবাজ, নতুন জালেম দেখছি। অনেক মানুষের মুখোশ খুলে গেছে। তিনি বলেন, যারা গত ১৫ বছর হাউমাউ করে কেঁদেছেন, আমরা তাদের জন্য দোয়া করেছি যে, লোকটা ভালো মানুষ।
পৃথিবীতে যত বিপ্লব ব্যর্থ হয়েছে, বিপ্লবীদের দ্বারাই ব্যর্থ হয়েছে উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমাদের দেশের এটাকে আমরা এখন বিপ্লব বলতে পারছি না। কারণ একটা বিপ্লব দীর্ঘদিন ধরে নেতা নির্বাচন করে।
জুলাই আন্দোলন নিয়ে কৃতিত্বের লড়াই, মাস্টারমাইন্ড কে? সেটি নিয়ে বিতর্ক করাটা মারাত্মক ভুল হয়েছে উল্লেখ করে গোলাম মাওলা রনি বলেন, যারা সম্মুখ নেতা ছিলেন তারা যদি এই বিপ্লবের কৃতিত্ব জনগণকে দিতেন এবং দীর্ঘ সময় যারা এই দেশকে পরিচালনা করতে পারেন তাদের হাতে বিপ্লবের ফলাফল তুলে দিতেন তবে আওয়ামী লীগের বিচার আরো সুন্দর হতো।
তিনি বলেন, আজকের এই দিনে আমি ভেবেছিলাম ঢাকার রাজপথ উত্তাল থাকবে, সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে আসবে কিন্তু কোথাও তার ছিটেফোঁটাও নেই। সকালে (১ জুলাই) যখন বের হয়েছি, ভেবেছিলাম শাহবাগ অতিক্রম করতে পারব না। কিন্তু সকাল ১১টায় সেখানে একটা মানুষ, একটা ব্যানার বা ফেস্টুন ছিল না।
