শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতেই হবে : খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে শাস্তি দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন, এটি অব্যাহত থাকবে। তিনি জানিয়েছেন, ইসরায়েল ‘বড় ভুল ও বড় অপরাধ’ করেছে। সেই অপরাধের শাস্তি তাদের পেতেই হবে।
সম্প্রতি মার্কিন হামলার পর খামেনি প্রথমবারের মতো এই কঠোর বার্তা দিয়েছেন।
গত ১৩ জুন ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালায়, এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা শুরু করে। তখন থেকে নিরাপত্তার কারণে খামেনি তার বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন এবং সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন।
৮৬ বছর বয়সী খামেনি শঙ্কিত, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যা করার পরিকল্পনা করে, এ জন্য দ্রুত সর্বোচ্চ নেতা নির্বাচন করার নির্দেশনা দিয়ে রেখেছেন তিনি। ইরানের আইনসভা, বিচারব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বাহিনী— সবই খামেনির হাতে কেন্দ্রীভূত।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ঘটনায় প্রতিবাদ হয়েছে বিশ্বজুড়ে। বিভিন্ন শহরে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।
সূত্র : আলজাজিরা
