পাবনায় কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ নিহত ৩
সিলেটের সময় ডেস্ক :
পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।
বুধবার (১১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লিচু বিক্রেতা উপজেলার মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিসুর রহমান, নাটোর সদর উপজেলার সাবেক বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন ও তার আট বছরের মেয়ে পূর্ণতা। দুর্ঘটনায় মফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুশফিকুর রহমান জানান, সকাল ৮টার দিকে মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু বিক্রি করছিলেন আনিসুর রহমান। এ সময় স্ত্রী-সন্তান নিয়ে কুষ্টিয়ায় শ্বশুর বাড়ি ঈদ শেষে নিজ বাড়ি নাটোর যাচ্ছিলেন মফিজুল। কুষ্টিয়া-নাটোর মহাসড়কের পাবনার ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে মফিজুল ইসলাম লিচু কেনার জন্য দরদাম করছিলেন।
এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চারজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা এসে আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ততক্ষণে লিচু বিক্রেতা আনিসুর রহমান, মোটরসাইকেল আরোহীর স্ত্রী সুবর্ণা খাতুন ও মেয়ে পূর্ণতা মারা যায়। আহত মোটরসাইকেল চালক মফিজুল ইসলাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কল্লোল জানান, আমরা ঘটস্থলে এসেই দেখি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে নেয়া হয়েছে।
