লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার
আগামী শুক্রবার (১৩ জুন) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার (৯ জুন) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার সকালে বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, হাইপ্রোফাইল ওই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে।
