সিলেটে উৎমাছড়া পর্যটনকেন্দ্র থেকে পর্যটকদের বের করে দেওয়া হলো
সিলেটে ভ্রমণে আসা পর্যটকদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের বিরুদ্ধে। গতকাল রবিবার (৮ জুন) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চরারবাজার এলাকার ‘উৎমাছড়া পর্যটনকেন্দ্রে এ ঘটনা ঘটে। পর্যটকদের বাধা দেওয়ার এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন ঈদ আনন্দ উদযাপনে সিলেটের স্থানীয় ও সিলেটের বাহিরের বিভিন্ন এলাকার পর্যটকেরা ভ্রমণে এসে আনন্দ করছিলেন উৎমাছড়া পর্যটনকেন্দ্রে এ সময় স্থানীয় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এসে তাদের বাধা দেন।
ভিডিওতে আরো বলতে শোনা যায়, ঈদের আগের দিন উত্তর রণিখাই ইউনিয়নের উলামায়ে কেরাম মুরুব্বি ও যুব সমাজ সকলে মিলে সিদ্ধান্ত হয়েছে উৎমাছড়া এলাকায় পর্যটনের নামে কেউ আসতে পারবে না।
ভিডিওতে যুব জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি রুহুল আমিন সিরাজীকে বলতে শোনা যায়, আপনাদেরকে আমরা সম্মানের সাথে অনুরোধ করে বলছি আগামীতে কোনদিন আপনার এখানে আসবেন না এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবাইকে জানিয়ে দিবেন উৎমাছড়াকে পর্যটন হিসাবে বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি রুহুল আমিন সিরাজী কালের কণ্ঠকে বলেন, পর্যটনের নামে কিছু মানুষ এখানে এসে মদ্যপানসহ অশ্লীল কার্যক্রম করে যার ফলে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ফেসবুকের মাধ্যমে এরকম একটি ঘটনার খবর আমি পেয়েছি। রবিবার বিকালে আমার ইউনিয়নের উৎমাছড়া এলাকায় ঘুরতে আসা পর্যটকদেরকে এলাকার পরিবেশ ঠিক রাখার স্বার্থে এখানে না আসার জন্য অনুরোধ করেছেন যুব জমিয়তের নেতৃবৃন্দ ও এলাকার কিছু যুব সমাজ।
