ইউক্রেনজুড়ে ব্যাপক রুশ হামলা, নিহত অন্তত ৫
ইউক্রেনজুড়ে শনিবার ভোরে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বোমা হামলা চালিয়েছে রাশিয়া। কয়েক দিন আগে কিয়েভের সাহসী বিমানঘাঁটি হামলার প্রতিশোধ হিসেবে রাশিয়া এ ব্যাপক হামলা চালাল। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাতভর রাশিয়া ২০৬টি ড্রোন ও ৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
রুশ হামলায় শহরের বাড়িঘর ও অ্যাপার্টমেন্ট ভবনগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে অন্তত তিনজন নিহত ও আরো ১৭ জন আহত হয়েছে বলে জানান মেয়র।
পাশাপাশি পোল্যান্ড সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় শহর লুতস্কে উদ্ধারকারীরা এক দিন আগের হামলায় দ্বিতীয় একটি মৃতদেহ উদ্ধার করেন।
এই বিমান হামলা ইউক্রেনের এক সাহসী অভিযানের কয়েক দিন পরই এলো, যেখানে যুদ্ধক্ষেত্রের অনেক পেছনে রুশ বিমানঘাঁটিতে পারমাণবিক বোমা বহনে সক্ষম সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়। এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ইউক্রেন থেকে ছোড়া ৩৬টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো আক্রমণ চালানোর পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় সংঘাত শুরু হয়, যার ফলে পূর্ব ইউক্রেনজুড়ে শহর ও গ্রাম ধ্বংস হয় এবং কোটি কোটি মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
তিন বছর ধরে এ দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। অন্তত একটি অস্থায়ী যুদ্ধবিরতির কোনো সমাধান খুঁজে পেতে প্রত্যক্ষ আলোচনা ব্যর্থ হওয়ার পর ক্রেমলিন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের ওপর হামলা আরো জোরদার করেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ি সিবিহা কিয়েভের পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন রুশ আগ্রাসন বন্ধ না করার জন্য মস্কোকে শাস্তি দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘রাশিয়ার হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ থামাতে মস্কোর ওপর আরো চাপ প্রয়োগ করা প্রয়োজন, একই সঙ্গে ইউক্রেনকে আরো শক্তিশালী করার জন্য অতিরিক্ত পদক্ষেপও জরুরি।’
