‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের
আন্তর্জাতিক ডেস্ক ঃ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ব্যক্তিগত সমঝোতা বা ‘লেনদেনের চুক্তি’তে রাজি নন। তবে তিনি সংলাপে বসতে প্রস্তুত—যদি তা হয় শুধুই জাতীয় স্বার্থে।
বৃহস্পতিবার সিনেটর আলী জাফরের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। আলী জাফর সম্প্রতি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন।
৭১ বছর বয়সি সাবেক এই অধিনায়ক ও রাজনীতিবিদ ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা দায়ের করা হয়েছে। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এ মামলাগুলো দেওয়া হয়েছে।
এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী জাফর বলেন, ‘ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি নিজের জন্য কখনোই কোনো ছাড় বা বিশেষ সুবিধা চাননি। যদি চাইতেন, অনেক আগেই তিনি তা নিতে পারতেন’।
